08/05/2026 আগামী ৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
odhikarpatra
৩ August ২০২৬ ২২:৪৫
অধিকারপত্র ডটকম : ০৩ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিবেদক
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে দেশব্যাপী জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দিনটিকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ৫ আগস্টকে ঘিরে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থার অংশ।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের যানবাহন চালকবিহীন অবস্থায় না রাখা, নিরাপত্তা সদস্যদের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা এবং দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৫ আগস্ট উপলক্ষে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
মতিঝিল ও আশুলিয়ায় সম্প্রতি বোমাসদৃশ বস্তু উদ্ধারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সমন্বিত তদন্ত চলছে।
মন্ত্রী জানান, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশ থেকে পরিচালিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং কিছু নির্দিষ্ট গোষ্ঠীর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।