08/07/2026 আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই বিএনপির সঙ্গে মিশে যাবে’—এমপি নাছির চৌধুরী
odhikarpatra
৬ August ২০২৬ ২৩:৩৩
০৬ আগস্ট ২০২৬ | সুনামগঞ্জ প্রতিনিধি | অধিকার পত্র ডটকম
সুনামগঞ্জ: সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে এক সঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।’
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাছির চৌধুরী বলেন, ‘আজকের এই সমাবেশই বিএনপির সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা সমাবেশ করতে চাচ্ছে, তারা দলের মধ্যে বিভক্তি আনতে চায়। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।’
নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, কাউকে দুর্নীতি করার সুযোগ না দেওয়ায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে।
এমপি নাছির চৌধুরী বলেন, ‘আমার কোনো ভাই নেই, আমি একা। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যারা বলে আমি লাখ লাখ টাকা লুটপাট করেছি, তারা উপজেলায় গিয়ে ইউএনওর কাছে জানতে পারেন কত টাকা বরাদ্দ এসেছে। আমি যতদিন বেঁচে আছি, কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।’
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় সমাবেশে এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
উল্লেখ্য, আওয়ামী লীগকে নিয়ে নাছির চৌধুরীর এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।