09/04/2026 সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবার অধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী
odhikarpatra
৪ September ২০২৬ ২০:০২
ধর্ম, সম্প্রদায় বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়—বাংলাদেশের প্রতিটি নাগরিক তার নাগরিক পরিচয়ের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে ‘কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৪৩৩’ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই। দেশের প্রতিটি মানুষের প্রধান পরিচয় হওয়া উচিত—‘আমরা সবাই বাংলাদেশি’। ধর্মীয়, সামাজিক কিংবা নৃগোষ্ঠীগত পরিচয় পরবর্তী বিষয়।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারের মূল নীতি হলো সবার জন্য একটি সমান বাংলাদেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ‘ভোট ব্যাংক’ হিসেবে দেখার প্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থে এমন ধারণা ব্যবহার করা হলেও সচেতন জনগণ সেই ভুল ধারণা ও কৃত্রিম মিথ ভেঙে দিয়েছে।
সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় আচার পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবিধানের প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বাধ্য। ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করার সুযোগ নেই। দেশের সব ধর্মীয় উপাসনালয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার শুধু সংবিধানের পাতায় সাম্য ও সম্প্রীতির কথা সীমাবদ্ধ রাখতে চায় না; বাস্তব জীবনেও সমতা, সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দ ব্যবহারের পরিবর্তে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান এবং শান্তির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিবাচক ভাষা ও চর্চার মাধ্যমে সমাজকে আরও সুন্দর করে তুলতে হবে।
অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ সভাপতিত্ব করেন। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন)।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে জন্মাষ্টমীর মিছিলের উদ্বোধন করা হয়। পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের পলাশী মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।
বাংলাদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক পরিচয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবার সমান অধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী
#অধিকারপত্র #নাগরিকঅধিকার #জন্মাষ্টমী #সালাহউদ্দিনআহমদ #ধর্মীয়সম্প্রীতি #বাংলাদেশ