09/07/2026 সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
odhikarpatra
৬ September ২০২৬ ২৩:৫৫
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ১৬৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয়।
মন্ত্রণালয়ের হিসাবে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।
অভিযানের একই সময়ে ১২ হাজার ৩৬৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ১৮ হাজার ৯৩৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ৩ হাজার ২৪০ জনকে দেশে ফেরার জন্য টিকিটের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় পৃথকভাবে আরও ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের পরিবহন বা আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসকারী আরও ২১ জনকে আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে দেশটিতে মোট ২৯ হাজার ৭৭৩ জন অভিবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাঁদের মধ্যে ২৭ হাজার ৮৪৫ জন পুরুষ এবং ১ হাজার ৯২৮ জন নারী।
সৌদি আইনে অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তার অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্ক করে আসছে।
বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। দেশটির শ্রমবাজারে বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী কর্মরত রয়েছেন।