09/08/2026 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই নারীর
odhikarpatra
৮ September ২০২৬ ০৩:০৫
কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই নারী নিহত হয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) এবং আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, চারজন নারী একসঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে জুলিয়া ও রাবেয়া পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে। তবে ততক্ষণে দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুকুরটির নিরাপত্তা ও জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইছ উদ্দীন জানান, পুকুরটিতে জনসাধারণের প্রবেশ সীমিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া পুকুরে গোসল করা এবং ঘাটে প্রবেশ বা অবস্থান করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, পুকুরটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারে।