09/11/2026 বাংলাদেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ, বেকার ২৬ লাখ ২০ হাজার: পরিকল্পনামন্ত্রী
odhikarpatra
১০ September ২০২৬ ২৩:৩৮
বাংলাদেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ, বেকার ২৬ লাখ ২০ হাজার: পরিকল্পনামন্ত্রী
বিবিএসের শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্য সংসদে তুলে ধরেছেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে বর্তমানে মোট শ্রমশক্তির সংখ্যা ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত রয়েছেন ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার জন এবং বেকার ২৬ লাখ ২০ হাজার জন। দেশে বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সরকারি দলের সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি ৭১ দশমিক ৭১ মিলিয়ন বা ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত রয়েছেন ৬৯ দশমিক ০৯ মিলিয়ন বা ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মানুষ।
মন্ত্রী জানান, কর্মসংস্থানের প্রধান খাতগুলোর মধ্যে কৃষিতে নিয়োজিত রয়েছেন ৩ কোটি ৮ লাখ ৭০ হাজার জন, যা মোট কর্মসংস্থানের ৪৪ দশমিক ৬৭ শতাংশ।
শিল্প খাতে নিয়োজিত রয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ। মোট কর্মসংস্থানে এ খাতের অংশ ১৭ দশমিক ৩৭ শতাংশ।
অন্যদিকে, সেবা খাতে কর্মরত রয়েছেন ২ কোটি ৬২ লাখ ২০ হাজার জন, যা মোট কর্মসংস্থানের ৩৭ দশমিক ৯৬ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী জানান, ২০২৪ সালে শহর এলাকায় মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ১ কোটি ৮৭ লাখ ৪০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার জন।
পল্লি এলাকায় মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ৫ কোটি ২৯ লাখ ৭০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ৫ কোটি ১১ লাখ ৭০ হাজার জন।
মন্ত্রী আরও জানান, ২০২৪ সালে শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৫ কোটি ৪ হাজার জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১ কোটি ২০ লাখ ৩০ হাজার এবং নারীর সংখ্যা ৩ কোটি ৮০ লাখ ১০ হাজার জন।
বিবিএসের শ্রমশক্তি জরিপের এসব তথ্য দেশের কর্মসংস্থান, বেকারত্ব এবং শ্রমবাজারের সামগ্রিক চিত্র তুলে ধরে।