09/23/2026 বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
odhikarpatra
২২ September ২০২৬ ২২:৩৪
অধিকারপত্র ডটকম প্রতিবেদক
সংবাদ প্রতিবেদন:
দেশ ও বিদেশের বর্তমান কর্মসংস্থানের উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, পাবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন, যেসব শিক্ষা ব্যবস্থা কেবল বেকারত্ব বাড়ায় এবং বাস্তব জীবনের কর্মসংস্থানে কাজে আসে না, সেসব ধারা থেকে আমাদের ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে।
আলোচনাকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি সদয়ভাবে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে রাষ্ট্রপতির সামরিক সচিব, সংশ্লিষ্ট সচিব, প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।