09/29/2026 অটিজম অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদের
odhikarpatra
২৬ September ২০২৬ ২১:৩৬
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অর্থবহভাবে সম্পৃক্ত করার পাশাপাশি টেকসই জাতীয় সক্ষমতা গড়ে তুলতে আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পার্শ্ববৈঠক হিসেবে আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
‘অটিজমে বৈশ্বিক পদক্ষেপ ত্বরান্বিতকরণ: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে গ্লোবাল অটিজম অ্যাডভোকেসি কোয়ালিশন’ শীর্ষক অনুষ্ঠানে শামা ওবায়েদ বলেন, অটিজম বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার মূল লক্ষ্য হওয়া উচিত দেশগুলোর নিজস্ব সক্ষমতা শক্তিশালী করা। এর মাধ্যমে প্রতিটি দেশ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক, সহায়ক ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে পারবে।
তিনি বলেন, বাংলাদেশ অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু সহায়তার ওপর নির্ভরশীল করে রাখা নয়; শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক জীবনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর যে, অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিরা কেবল সহায়তার প্রাপকই হবেন না, বরং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক জীবন এবং সমাজের সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠবেন।’
তিনি ‘গ্লোবাল অটিজম অ্যাডভোকেসি কোয়ালিশন’ উদ্যোগকে স্বাগত জানান এবং অটিজম অন্তর্ভুক্তি এগিয়ে নিতে জাতীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
একই সঙ্গে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জন্য কার্যকর সহায়তা ও সুযোগ নিশ্চিত করতে প্রমাণভিত্তিক সমাধান, জনশক্তি উন্নয়ন, উদ্ভাবন ও বিনিয়োগকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে নেওয়া প্রতিশ্রুতিগুলোকে কার্যকর জাতীয় ব্যবস্থা ও সমন্বিত বৈশ্বিক উদ্যোগে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
কাতার, কাতার ফাউন্ডেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং ‘অটিজম স্পিকস’ যৌথভাবে উচ্চপর্যায়ের এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।