09/30/2026 সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে গর্ব করে’: রেজাউল করীম
odhikarpatra
২৯ September ২০২৬ ২৩:৫৪
অধিকারপত্র ডটকম, রাজনৈতিক ডেক্স:
অধিকারপত্র বিশেষ প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বাস্কেটবল টুর্নামেন্টে প্যান্ট-জার্সি পরে মাঠে নামার বিষয়টির সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
তিনি অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম নারী শিক্ষার্থীদের এভাবে মাঠে নামিয়ে ‘অসুন্দর পরিবেশ’ সৃষ্টি করছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে আইএবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে রেজাউল করীম বলেন, ‘সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে অসুন্দর পরিবেশ সৃষ্টি করছে। সেখানে আবার সে গর্ব করে বলে, দেশের ইতিহাসে প্রথম পারছে।’
তিনি আরও প্রশ্ন তোলেন, ‘কত কায়দা! এই কায়দা কতদিন চলবে?’
বক্তব্যে বর্তমান সরকারেরও সমালোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।
তিনি দাবি করেন, দেশ স্বাধীন হলেও মানুষ এখনো প্রকৃত মুক্তি পায়নি। তাঁর অভিযোগ, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ বিভিন্ন সামাজিক অনাচার বৃদ্ধি পাচ্ছে এবং এসব রোধে সরকার ব্যর্থ হয়েছে।
রেজাউল করীম বলেন, প্রচলিত নীতির মাধ্যমে কোনো রাজনৈতিক দলই সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো রাজনৈতিক দলগুলো পরে ভুলে যায় বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ আইএবির সভাপতি শেখ ফজলে বারী মারুফের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।