09/30/2026 কবি নজরুলের সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
odhikarpatra
২৯ September ২০২৬ ২৩:৫৫
অধিকারপত্র ডটকম, তথ্য মন্ত্রনালয় ডেক্স:
অধিকারপত্র প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালি জাতির চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার অন্যতম অনুপ্রেরণার উৎস। তাঁর সাহিত্য ও সৃষ্টিশীলতার এই চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুলের সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিযোগীরা অংশ নেন। তারা কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। পুরস্কার পেয়ে বিজয়ীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাইমা সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন এবং তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাদ্দাম হোসেনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে শুক্রবার বিকেলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলের সুন্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং রাজগাতী ইউনিয়নের উলহাটি বাজার সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।