10/02/2026 ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৫১৭ কৃষকের হাতে কৃষক কার্ড
odhikarpatra
১ October ২০২৬ ২৩:৪৪
ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে সদর উপজেলা ও রুহিয়া এলাকার ২ হাজার ৫১৭ জন কৃষককে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নারগুন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রাথমিক পর্যায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ হাজার ১৪৮ জন এবং রুহিয়া এলাকার ১ হাজার ৩৬৯ জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হচ্ছে।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জরিপের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়। যাচাই-বাছাই শেষে ১১ হাজার ৬৪৮ জন কৃষকের তালিকা চূড়ান্ত করে ব্যাংকে পাঠানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে নির্বাচিত কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে।
কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে সরকারি কৃষিসেবা, কৃষি উপকরণ, প্রণোদনা ও অন্যান্য সহায়তা সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া ব্লকের ৯৬৫ জন এবং রুহিয়া এলাকার কুজিশহর ব্লকের ১ হাজার ১৭২ জন কৃষক কৃষি উপকরণ সহায়তা হিসেবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন।
কৃষকরা জানান, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের ব্যয় দিন দিন বাড়ছে। এ অবস্থায় সরকারি সহায়তা সরাসরি পাওয়ার সুযোগ তাদের উৎপাদন ব্যয় সামলাতে সহায়ক হবে বলে তারা আশা করছেন।
কৃষক কার্ডের মাধ্যমে নিয়মিত কৃষি সহায়তা পাওয়া গেলে উৎপাদন খরচ কিছুটা কমার পাশাপাশি কৃষিকাজে আগ্রহ বাড়বে বলেও জানান কয়েকজন উপকারভোগী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের চিহ্নিত করে তাদের কাছে সরকারি কৃষিসেবা ও প্রণোদনা সহজে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।
তিনি জানান, পর্যায়ক্রমে জেলার আরও কৃষককে এ কার্যক্রমের আওতায় আনা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি খাতে সরকারি সহায়তা কার্যক্রম আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, কৃষি মন্ত্রণালয়ের রংপুর বিভাগীয় উপপরিচালক হাতেম আলী, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে শুরু কৃষক কার্ড বিতরণ, প্রথম ধাপে ২ হাজার ৫১৭ কৃষক পেলেন সরকারি সহায়তার সুযোগ
#কৃষক_কার্ড #ঠাকুরগাঁও #কৃষক #কৃষি_সহায়তা #তারেক_রহমান #কৃষি_উপকরণ #কৃষক_প্রণোদনা #বাংলাদেশ #অধিকারপত্র