10/05/2026 অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ৯ দিনের সরকারি সফরে সেনাপ্রধান
odhikarpatra
৪ October ২০২৬ ১৭:৪৩
অধিকারপত্র ডটকম, নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শনিবার (৩ অক্টোবর) তিনি এ সরকারি সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন-২০২৬’-এ অংশ নেবেন। একই সফরে তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।
এরপর সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশগ্রহণ করবেন।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।
সেনাপ্রধানের এ সফরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক মতবিনিময় এবং পেশাগত সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।