10/20/2026 সরকারি লোগো খুললেন ইশরাক হোসেন, পদত্যাগের কারণ জানালেন
odhikarpatra
১৯ October ২০২৬ ১৬:৩৯
অধিকারপত্র ডটকম, জাতীয় ডেক্স :
নগর প্রতিবেদক :
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে নিজের গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসা থেকে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার পথে তিনি নিজ হাতে লোগোটি খুলে ফেলেন।
এ সময় ইশরাক হোসেন বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’
এর আগে সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান তিনি। দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, কিছু মানুষকে তাঁর পদত্যাগের খবরে উল্লাস প্রকাশ করতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদের দেশে ফিরে অংশ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
পদ ছাড়ার পর নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানিয়ে ইশরাক বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্ক
এর আগে গত ১৭ অক্টোবর রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। অভিযানের সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ১৮ অক্টোবর দিনভর বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রে ছিল। এ ঘটনায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের আইনগত দিক খতিয়ে দেখার কথাও জানায় পুলিশ।
এরপর ১৯ অক্টোবর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলার ঘটনাটি তাঁর পদত্যাগের ঘোষণার আগে ঘটে।