10/22/2026 ময়মনসিংহে লাঠি-বৈঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২
odhikarpatra
২২ October ২০২৬ ২০:৪৯
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লাঠি ও বৈঠা হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, রায় বাতিল এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের ভূঁইয়া ফিলিং স্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ঘুরে হরি এলাকার ভূঁইয়া বাড়ির সামনে গিয়ে তা শেষ হয়।
সমকাল-এর প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সহযোগিতায় কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মণ্ডল। মিছিল শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এ ছাড়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম ও রাকিব মণ্ডলসহ অন্য নেতাকর্মীরা মিছিলে অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিছিলের পর গ্রেপ্তার ২
নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। স্থানীয় লোকজনের সহায়তায় এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল-মাসুদ (৩০) ও ছাত্রলীগকর্মী মো. সজিব মিয়া (২০)। তাঁরা উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, মিছিলের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই শেষে এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।