11/09/2026 মুন্সীগঞ্জে জেলা পুলিশের ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪
odhikarpatra
৮ November ২০২৬ ২২:০৪
মুন্সীগঞ্জ | ৮ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জে অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার এবং মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে প্রিভেন্টিভ (প্রতিরোধমূলক ব্যবস্থা), নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সর্বমোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জেলার সব থানা ও ইউনিটের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০০৯৪২৯৮।
সূত্র: মুন্সীগঞ্জ জেলা পুলিশ, মিডিয়া সেল।