11/09/2026 লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন
odhikarpatra
৮ November ২০২৬ ২৩:৫৪
ঢাকা | ৮ নভেম্বর ২০২৬
লটারির মাধ্যমে বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করেছে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন. বিএইচডি। তাঁদের মধ্য থেকে যাচাই-বাছাই ও ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে।
রোববার (৮ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এ সময়ে মোট ৪ হাজার ২৯ জন আবেদন করেন। তাঁদের মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারি করে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
কোন পদে কতজন নির্বাচিত?
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছেন ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে রয়েছেন ১০০ জন।
নির্বাচিতদের তালিকা শিগগির বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
এরপর ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবেন। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হবে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু ফ্লাইট
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর ফ্লাইট ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে।
তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের স্বচ্ছতা ও নিরপেক্ষতার বিষয়টি তুলে ধরতে চায় সরকার।
আরও ৫৫৮ কর্মী নিয়োগের সুযোগ
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, পর্যটন, উৎপাদন ও পরিচর্যা খাতে অতিরিক্ত ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
এসব কর্মীর চিকিৎসা পরীক্ষা, বিমানভাড়াসহ বিদেশে যাওয়ার যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগকর্তারা বহন করবেন।
সরকারের ‘জিরো কস্ট’ কর্মসংস্থান উদ্যোগ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি মানুষকে বিদেশে পাঠানোর লক্ষ্য অর্জনে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।
পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্টে’ কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
লটারি অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহার উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি এবং সমকাল।