11/09/2026 টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনী-এপিবিএনের যৌথ অভিযান, পিস্তলসহ অস্ত্র উদ্ধার
odhikarpatra
৮ November ২০২৬ ২৩:৫৭
অধিকারপত্র ডটকম :
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত এফডিএনএম ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (৮ নভেম্বর) সেনাবাহিনী ও এপিবিএনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর টেকনাফে সেনাবাহিনীর সঙ্গে মানবপাচারকারী দলের গুলিবিনিময়ের ঘটনায় জড়িত ডাকাত এবং মাদক ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
৫ নভেম্বরের গুলিবিনিময়ের ঘটনায় নিহত হন সেনাসদস্য
এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারী দলের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, ওই এলাকায় প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছিল ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল। যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সশস্ত্র চক্রের সদস্যরা গুলি চালায়। এতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।
এ সময় সেনাবাহিনীর সৈনিক মোহাম্মদ তিতাস শেখ (২৭) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আইএসপিআর জানায়, ওই অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছিল।
অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা
সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত ডাকাত ও সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি, আইএসপিআর ও কক্সবাজার নিউজ (সিবিএন)।
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত এফডিএমএন ক্যাম্পে সেনাবাহিনী ও এপিবিএনের যৌথ অভিযানে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ৫ নভেম্বরের গুলিবিনিময়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এ অভিযান চালানো হয়।
#টেকনাফ #কক্সবাজার #সেনাবাহিনী #এপিবিএন #যৌথঅভিযান #অস্ত্রউদ্ধার #রোহিঙ্গাক্যাম্প #মানবপাচার