11/09/2026 মাদ্রাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়াল শিক্ষা অধিদপ্তর
odhikarpatra
৯ November ২০২৬ ১৪:২৯
অধিকারপত্র ডটকম,নিজস্ব প্রতিবেদক :
ঢাকা, ৯ নভেম্বর ২০২৬: মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বাড়িয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে সময়সীমা বৃদ্ধির বিষয়টি জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, বেসরকারি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এমপিও আবেদন দাখিল করতে পারবেন। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদনগুলো অনলাইনে অগ্রায়ন করতে পারবেন।
অধিদপ্তরের নোটিশে বলা হয়েছে, মেমিস সফটওয়্যারের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় আগের সময়সূচি পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
এ ছাড়া মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন অগ্রায়নের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে সফটওয়্যারে নিবন্ধিত ফোন নম্বর ও আইপি অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়াল শিক্ষা অধিদপ্তর
: #মাদ্রাসা #এমপিও #এমপিওআবেদন #মাদ্রাসাশিক্ষক #মাদ্রাসাশিক্ষাঅধিদপ্তর #শিক্ষাসংবাদ #বাংলাদেশ#অধিকারপত্রডটকম