11/13/2026 সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৫
odhikarpatra
১৩ November ২০২৬ ১৯:০৮
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
সিলেট বিভাগে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে। কিছুতেই থামছে না শিশু মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৮ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১১ মাস। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। অপর শিশুটির বয়স ৪ মাস ১৭ দিন। তার বাড়ি সিলেট সদর এলাকায়।
এ ছাড়া হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষায় নিশ্চিতভাবে ১ হাজার ৩১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জের বাসিন্দারা। জেলাটিতে এ পর্যন্ত ৪৫২ জনের হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২৬০ এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সরকারি হাসপাতালে ১৩৯ জন এবং বেসরকারি হাসপাতালে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, হামের সংক্রমণে বিশেষ করে শিশুদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি হতে পারে।
এ পরিস্থিতিতে শিশুদের জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া কিংবা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট বিভাগে ক্রমবর্ধমান সংক্রমণ ও শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে অভিভাবক ও জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর স্বাস্থ্যসেবা, রোগী শনাক্তকরণ এবং টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন;