11/15/2026 গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ; ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
odhikarpatra
১৫ November ২০২৬ ২২:৫৭
নিউজ ডেক:দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
নিউজ প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
গোপালগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৬: গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়াল, টেটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে শহরে মিছিল করেন বিক্ষোভকারীরা। এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলকের জায়গায় আগের নামের ব্যানার টাঙানো, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।
একই সময়ে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে আসেন। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লাঠিসোঁটা, লগি-বৈঠা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। পরে মিছিলগুলো শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় একত্রিত হয়।
সেখান থেকে বিক্ষোভকারীরা শহরের ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে যান। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে দিয়ে দলটির সভানেত্রীর দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
এরপর শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়। পুরাতন লঞ্চঘাট এলাকার জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্সে হামলা চালিয়ে ক্ষতিসাধন করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলকের জায়গায় দলীয় ব্যানার টাঙানো হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে ফেলা হয়।
পরে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় পুলিশের একটি বিশেষ সাঁজোয়া যান বা এপিসির ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা এপিসির গায়েও বিভিন্ন স্লোগান লিখে দেন। প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত প্রায় পৌনে তিন ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় স্থানীয় সার্কিট হাউসে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, গোপালগঞ্জে আগে তিন প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। নতুন করে আরও তিন প্লাটুন যুক্ত করা হয়েছে। বর্তমানে জেলায় মোট ছয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ঘেরাও করে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা যৌথবাহিনী শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে এনেছে। সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো অপচেষ্টা সহ্য করা হবে না।
সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, জেলার নিরাপত্তায় পুলিশ, এপিবিএন ও আরআরএফের ১ হাজার ৩৫০ জন সদস্য মোতায়েন রয়েছেন।
বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
এদিকে রোববার সন্ধ্যা ৭টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাসসের প্রতিবেদনে এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
দিনভর এসব ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন।
#গোপালগঞ্জ #গোপালগঞ্জের_খবর #রাজনীতি #সহিংসতা #ভাঙচুর #অগ্নিসংযোগ #বিজিবি #আইনশৃঙ্খলা #বাংলাদেশ #অধিকারপত্র