11/18/2026 গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
odhikarpatra
১৭ November ২০২৬ ১১:৪০
অধিকারপত্র ডটকম, ১৭ নভেম্বর সোমবার ২০২৬
নিজস্ব প্রতিবেদক | গাজীপুর : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, সাইনবোর্ড ও নাওজোড় এলাকায় সড়কে অবস্থান নেন তাঁরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শত শত শ্রমিক জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও ভোগড়া বাইপাস অবরোধ করেন। এতে এসব সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ভোগড়া ও সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হলেও তাঁরা সড়ক ছাড়তে রাজি হননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশের ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সেখান থেকে সরিয়ে দেন। তবে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এক স্থান থেকে সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে আবারও সড়কে অবস্থান নেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে নেমেছেন। তাঁদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
শ্রমিকদের বিক্ষোভের কারণে গাজীপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।