11/18/2026 শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
odhikarpatra
১৭ November ২০২৬ ১৭:১৬
অধিকারপত্র ডটকম | জাতীয় ডেক্স, ১৭ নভেম্বর মঙ্গলবার ২০২৬।
বিশেষ প্রতিবেদক, ঢাকা: শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের দক্ষ করে তুলতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি জানান, শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং খেলার মাঠ তৈরিতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, অতিরিক্ত একটি ভাষায় দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে।
এ ছাড়া শিক্ষার্থীদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেন তিনি। সরকার চায়, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী এবং দক্ষ হয়ে উঠুক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তারেক রহমান।
তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।
এদিকে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা প্রধানমন্ত্রীকে তাঁদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন।
শুধু পড়ালেখা নয়, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য শিক্ষার্থীদের যে ৫ বিষয়ে দক্ষ হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
#তারেকরহমান #প্রধানমন্ত্রী #শিক্ষা #শিক্ষার্থী #ভবিষ্যৎনেতৃত্ব #কারিগরিশিক্ষা #খেলাধুলা #হবিগঞ্জ #বাংলাদেশ #Odhikarpatra