11/17/2026 উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার
odhikarpatra
১৭ November ২০২৬ ১৭:২১
অধিকারপত্র ডটকম জাতীয় ডেক্স। ১৭ নভেম্বর মঙ্গলবার ২০২৬।
বিশেষ প্রতিনিধি, ঢাকা : সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় আয়োজিত এক অরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ কর্মসূচি ইউএনডিপি বাস্তবায়নাধীন ‘স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন, পলিসিস অ্যান্ড সার্ভিসেস’ (এসআইপিএস) প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এ সংসদের সদস্যরা দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নির্বাচিত হয়ে এসেছেন। আইন প্রণয়নের পাশাপাশি সংসদ সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য জটিলতাও বৃদ্ধি পেয়েছে। জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব।
স্পিকার আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রকল্পের গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিগত ১৫ বছরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করেছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এবং ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বর্তমান সংসদের জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা এবং কর্মসম্পাদনে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সংসদের উন্নয়ন প্রকল্পে নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ইউএনডিপিকে ধন্যবাদ জানান স্পিকার। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।