11/17/2026 বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের
odhikarpatra
১৭ November ২০২৬ ১৯:১০
অধিকারপত্র ডটকম, অনলাইন ডেক্স, ১৭ নভেম্বর মঙ্গলবার ২০২৬।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা : বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচারে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে মন্ত্রী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরার জন্য ইউএন ট্যুরিজমের মহাসচিবকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়ন, বিশেষ করে পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং দেশের পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলতে সংস্থাটির সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ বিদেশি বিনিয়োগের জন্যও সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করেছে।
এ সময় ইউএন ট্যুরিজমের মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ২০২৭ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশগ্রহণের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
এ ছাড়া বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেন মহাসচিব। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের পর্যটনের সম্ভাবনা সরেজমিনে দেখতে ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে শাইখা আল নুয়াইস বাংলাদেশ সফরের বিষয়ে তাঁর আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের পর্যটন খাতের আন্তর্জাতিক প্রচার, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা সম্প্রসারণে এ বৈঠককে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।