11/18/2026 ঢাকার ফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন
odhikarpatra
১৭ November ২০২৬ ২৩:৪৭
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬: দেশে নতুন আরও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানীর ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে এই শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসান সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হলো।
এতে আরও উল্লেখ করা হয়েছে, এ-সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজধানীতে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া শুরু হলো। তবে কলেজটির শিক্ষার্থী ভর্তির সময়সূচি, আসনসংখ্যা, পাঠদান শুরুর তারিখ ও অবকাঠামো নির্মাণের বিস্তারিত তথ্য বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।