11/18/2026 রামপুরায় পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের বাসে আগুন
odhikarpatra
১৮ November ২০২৬ ০০:২৫
অধিকারপত্র ডটকম নগর ডেক্স! ১৮ নভেম্বর বুধবার ২০২৬।
নগর প্রতিবেদক,ঢাকা :রাজধানীতে একের পর এক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মহাখালী, পল্লবী ও বাড্ডার পর এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে একই রাতে রাজধানীর আরও তিনটি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিকস রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
এরপর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
সর্বশেষ রাত সোয়া ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সব মিলিয়ে মঙ্গলবার রাতে রাজধানীর চারটি এলাকায় চারটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কারা এসব ঘটনায় জড়িত এবং কী উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়।
রাজধানীতে রাতভর বাসে আগুন, এবার পুলিশ বক্সের সামনেই পুড়ল রাইদা পরিবহনের বাস!
#রামপুরা #বাসে_আগুন #রাইদা_পরিবহন #ঢাকা #অগ্নিসংযোগ #ফায়ার_সার্ভিস #Odhikarpatra #OdhikarpatraDotCom