11/18/2026 জেরিকোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত ১০
odhikarpatra
১৮ November ২০২৬ ০৫:১৩
অধিকারপত্র ডটকম আন্তর্জাতিক ডেক্স। ১৮ নভেম্বর বুধবার ২০২৬।
আন্তর্জাতিক প্রতিবেদক ফিলিস্তিন : অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আলজাজিরা ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নিহত নারীর নাম ফাদ্দা মোহাম্মদ ফেইদাত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার ভোরে জেরিকো শহরের উপকণ্ঠে দিউক আল-তাহত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী ফেইদাতের বাড়ির বাইরে গুলি চালাতে শুরু করে। এ সময় ফিলিস্তিনি বাসিন্দারা নিজেদের রক্ষায় পাথর নিক্ষেপ করেন। পরে আরও বসতি স্থাপনকারী সেখানে এসে ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে গুলি চালায়।
নিহত নারীর স্বজন আহমেদ আরেফ জানান, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর মাথায় গুলি লাগে। পরে তাঁকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ফেইদাতের ছেলে আরাফাত মায়ের আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাঁর স্ত্রী নামা ফেইদাতের ভাষ্য অনুযায়ী, ওই সময় তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ভুল করে বাড়ির সামনে রাখা এক বসতি স্থাপনকারীর গাড়িতে ধাক্কা দেন। এরপর বসতি স্থাপনকারীরা আবারও এলোপাতাড়ি গুলি চালায়। এতে আরাফাতসহ কয়েকজন আহত হন।
আরাফাত ফেইদাতের দাবি, তাঁকে হাসপাতালে নেওয়ার সময় ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স থামিয়ে তাঁকে আটক করে
তবে ঘটনার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর বক্তব্য ভিন্ন। তাদের দাবি, জেরিকোর উপকণ্ঠে ফিলিস্তিনিদের একটি গাড়ি ইসরায়েলি গাড়ির দিকে দ্রুত এগিয়ে গিয়ে ধাক্কা দেয়। এরপর গাড়ি থেকে নেমে থাকা ব্যক্তিরা অস্ত্র নিয়ে হামলা চালান। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য, পাথর নিক্ষেপের পর হুমকি মোকাবিলায় গুলি চালানো হয় এবং উভয় পক্ষের লোকজন হতাহত হন। নিহত ফিলিস্তিনি নারীর বিষয়ে সামরিক বাহিনী আলাদা করে কোনো মন্তব্য করেনি।
এর আগে নভেম্বরের শুরুতে দিউক আল-তাহত এলাকায় আটটি বাড়িতে ইসরায়েলি বসতি স্থাপনকারী পরিবারগুলোর প্রবেশের খবর পাওয়া যায়। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, এর পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বেড়েছে। বসতি স্থাপনকারীদের প্রতিনিধিত্বকারী বিনইয়ামিন আঞ্চলিক কাউন্সিলের দাবি, ফিলিস্তিনিদের কাছ থেকে বাড়িগুলো কেনার ব্যবস্থা করা হয়েছে। তবে জেরিকোর গভর্নর হুসেইন হামায়েল বলেছেন, জমিগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন হওয়ায় সেগুলো বৈধভাবে কেনার সুযোগ নেই। ]
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১৭ নভেম্বর পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১ হাজার ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫০ জন শিশু রয়েছে।