11/22/2026 ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে আজও লক্ষ্মীপুরের উপকূলে বৃষ্টি
odhikarpatra
২১ November ২০২৬ ১৫:২০
লক্ষ্মীপুর, ২১ নভেম্বর ২০২৬: ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে আমন ধান ও শীতকালীন সবজি চাষ নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকরা।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় কখনো হালকা, আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। আকাশও রয়েছে মেঘাচ্ছন্ন। বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।
বৃষ্টি অব্যাহত থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীরা। অন্যদিকে কৃষকদের আশঙ্কা, আরও কয়েক দিন বৃষ্টি হলে আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতি হতে পারে।
জেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। তবে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে ধান কাটার কাজে বিঘ্ন ঘটছে। কোথাও কোথাও জমে থাকা পানি পাম্পের মাধ্যমে সরানো হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জহির উদ্দিন জানান, লক্ষ্মীপুরে আমন ধান কাটা শুরু হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে ধান কাটার কাজ কিছুটা ব্যাহত হয়েছে। জেলায় প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আমন ধান ও শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল ভরাট এবং ময়লা-আবর্জনা ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।
রামগতি আবহাওয়া অফিসের কর্মকর্তা সৌরভ হোসেন জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।