11/22/2026 শেষ ওভারের নাটকীয়তায় আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
Special Correspondent
২২ November ২০২৬ ০০:০৫
নিউজ ডেস্ক | অধিকারপত্র
এসিসি মেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে চরম নাটকীয়তা ও শ্বাসরুদ্ধকর শেষ মুহূর্তের পর ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শনিবার (২১ নভেম্বর) দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাইফ হাসানের দল।
পেস ও স্পিনে ধসে পড়ল আফগান ব্যাটিং
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। শুরু থেকেই টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে আফগানিস্তান। দলীয় ২৮ রানে হাসান ইসাখিল এবং এরপর ইমরান মীরকে ফিরিয়ে শুরুতেই জোড়া আঘাত হানেন পেসার রিপন মন্ডন। তৃতীয় উইকেটে ৩০ রানের জুটি গড়ে ফেরার চেষ্টায় থাকা আব্দুল রসুলকে ৬৬ রানে সাজঘরে ফেরান আরেক পেসার ইকবাল হোসেন ইমন।
৮৭ রানে ফয়সাল খানকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট পূর্ণ করেন রিপন মন্ডন। এরপর রাকিবুল হাসান (১ উইকেট) ও অধিনায়ক সাইফ হাসানের (২ উইকেট) স্পিন জাদুতে পথ হারায় আফগানিস্তান। শেষ দিকে ইমন ও মোহাম্মদ রুবেলের (২ উইকেট) বোলিংয়ে ৪৫ ওভারে ১৭৪ রানেই গুটিয়ে যায় আফগান ‘এ’ দল। বাংলাদেশের হয়ে রিপন ৩টি এবং ইমন, সাইফ ও রুবেল ২টি করে উইকেট নেন।
ধস সামলে ছক্কায় জয়ের নায়ক ইমন
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৩ বল খেলে শূন্য রানে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। তবে পারভেজ হোসেন ইমন (৩৩) ও ইয়াসির আলীর ৫৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। ইমন ফেরার পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ৮৬/২ থেকে ৮৯/৫-এ পরিণত হয় বাংলাদেশ।
খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন সাব্বির রহমান (২৮) ও মোহাম্মদ সাইফউদ্দিন। ষষ্ঠ উইকেটে ৪৯ রানের জুটি গড়েন তারা। সাব্বির আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন সাইফউদ্দিন। শেষ দিকে আবারও পরপর উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। তবে শেষ ওভারের নাটকীয়তায় ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইকবাল হোসেন ইমন। মাত্র ৭ বলে ১ চার ও ১ ছক্কায় ১১ রানে অপরাজিত থেকে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই পেসার।
ম্যাচের সংক্ষিপ্ত চিত্র
টুর্নামেন্ট- এসিসি মেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্স (লিস্ট এ, ষষ্ঠ ম্যাচ)
ভেন্যু- ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, দোহা
আফগানিস্তান ‘এ’১৭৪/১০ (৪৫ ওভার)
বাংলাদেশ ‘এ’১৭৬/৯ (৪৫.৫ ওভার)
বাংলাদেশ ১ উইকেটে জয়ী
ম্যাচ সেরা ইকবাল হোসেন ইমন (বাংলাদেশ ‘এ’)
এই জয়ে টানা দ্বিতীয় জয় নিয়ে গ্রুপ পর্ব থেকেই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’ দল। এর আগে ১৯ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়েছিল তারা। আগামী ২৩ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি ২৬ ও ২৭ নভেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র