11/22/2026 মাকে বাঁচাতে গিয়ে মেয়েরও মৃত্যু! চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়ের।
odhikarpatra
২২ November ২০২৬ ১৫:৫৪
অধিকার পত্র ডটকম /
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের বকুল আলীর স্ত্রী মিলি (৪২) এবং তাঁর মেয়ে লিমু (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির সামনে দোকানের গেট খুলতে গিয়ে নিরাপত্তার জন্য স্থাপিত লোহার রডে হাত দেন মিলি। এতে রডটি বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে মেয়ে লিমু তাঁকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টা ৪৫ মিনিটে দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।