11/22/2026 লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
odhikarpatra
২২ November ২০২৬ ১৭:০৮
লালমনিরহাটে ট্রাক, গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুরও মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে জেলার সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বাজার ও বসুনিয়াবাড়ী এলাকার মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গরু ব্যবসায়ী ফজলুল হক (৫০) ও মোটরসাইকেল আরোহী এমদাদুল হক (৫০)। ফজলুল হক সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে এমদাদুল হক একই ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কুড়িগ্রাম থেকে আসা একটি ট্রাক গরুবাহী নছিমন ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফজলুল হকের মৃত্যু হয়। গুরুতর আহত এমদাদুল হককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ সময় নছিমনে থাকা একটি গরুও মারা যায়।
লালমনিরহাট সদর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।