11/23/2026 জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি, নেতৃত্বে নাহিদ ইসলাম
odhikarpatra
২৩ November ২০২৬ ১৩:৫০
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র
দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সচিবালয়ে দুপুর ১টায় এ বৈঠক শুরু হওয়ার কথা। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।
প্রতিনিধি দলে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই উদ্যোগের অংশ হিসেবেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু হচ্ছে।
সংলাপে অংশ নেওয়ার বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জাতীয় ঐক্যের উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তবে এ ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তি ও সুনির্দিষ্ট অঙ্গীকার থাকতে হবে।
এনসিপির পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং সংবিধান সংস্কারসংক্রান্ত বিষয়গুলোতে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি তোলা হতে পারে।
নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, কেবল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে নয়, বরং দেশের মৌলিক রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্নে সুস্পষ্ট অঙ্গীকারের ভিত্তিতেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন।
এদিকে এনসিপির সঙ্গে সংলাপের পর জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার উদ্যোগ রয়েছে প্রধানমন্ত্রীর।
রাজনৈতিক দলগুলোর এই সংলাপ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে।