11/25/2026 হুয়াংয়ের প্রত্যাবর্তন ঘিরে বিতর্ক, এনভিডিয়ার পাশে ট্রাম্প প্রশাসন
Special Correspondent
২৫ November ২০২৬ ০৬:৫৫
নিউজ ডেস্ক | অধিকারপত্র
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে চলমান তদন্তের বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। তবে এনভিডিয়াকে ‘ভালো করপোরেট প্রতিষ্ঠান’ হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ সম্পর্কে প্রকাশ্যে কোনো নেতিবাচক মন্তব্য করতে রাজি হননি তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনভিডিয়া ও হুয়াংয়ের বিরুদ্ধে বিচার বিভাগ (ডিওজে) কিংবা কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) তদন্ত চালিয়েছে কি না, এমন প্রশ্নের মুখে পড়েন ব্ল্যাঞ্চ। একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি সরাসরি কোনো জবাব দেননি। বরং বলেন, ‘আপনারা কী বিষয়ে কথা বলছেন, তা আমি জানি না।’
জেনসেন হুয়াংয়ের নিরাপত্তা ছাড়পত্রের (সিকিউরিটি ক্লিয়ারেন্স) অবস্থা সম্পর্কেও কোনো তথ্য নেই বলে জানান তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে হুয়াংয়ের এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে ফিরে আসার ঘটনায় নতুন করে রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিতর্ক তৈরি হয়েছে।
গত সপ্তাহে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। এর আগে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, যার মধ্যে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহভাজন এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও ছিল, তা প্রকাশ্যে আসার পর তিনি পদত্যাগ করেছিলেন।
চীনে চিপ পাচারের অভিযোগে তদন্ত
এনভিডিয়াকে ঘিরে উদ্বেগের অন্যতম কারণ সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড (Megaspeed)। প্রতিষ্ঠানটির সাবেক এক শীর্ষ নির্বাহীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক এবং চীনে উন্নত প্রযুক্তির চিপ পাচারে প্রতিষ্ঠানটির সম্ভাব্য ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত প্রশ্ন উঠেছে।
মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উন্নত প্রযুক্তির চিপ চীনে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। গত সপ্তাহে বাণিজ্য বিভাগ ও বিচার বিভাগ এক যৌথ বিবৃতিতে জানায়, সম্ভাব্য রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সাল থেকে মেগাস্পিডের কার্যক্রম তদন্ত করা হচ্ছে।
তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে টড ব্ল্যাঞ্চ বলেন, বিচার বিভাগ যেকোনো সময় শত শত বা তারও বেশি রপ্তানিসংক্রান্ত তদন্ত পরিচালনা করে থাকে। ফলে রপ্তানি তদন্ত এখনো চলছে—এমন প্রশ্নের সুনির্দিষ্ট অর্থ তিনি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন।
এনভিডিয়া কোনো তদন্তে সহযোগিতা করেছে কি না, কিংবা প্রতিষ্ঠানটি ও হুয়াং চীনে চিপ সরিয়ে নেওয়ার বিষয়ে আগে থেকে কিছু জানতেন কি না—এমন প্রশ্নের জবাবে ব্ল্যাঞ্চ বলেন, ‘এখানে দাঁড়িয়ে এনভিডিয়া একটি ভালো করপোরেট প্রতিষ্ঠান—এ কথা ছাড়া অন্য কিছু বলার কোনো কারণ আমার নেই।’
তিনি আরও বলেন, এনভিডিয়া যদি কোনো অপরাধমূলক তদন্তের লক্ষ্যবস্তু হয়ে থাকে অথবা তদন্তে বাধা দিয়ে থাকে, তাহলে প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে সেটি সামঞ্জস্যপূর্ণ হতো না। একইভাবে সেটি তাঁর নিজের বক্তব্যও হওয়া উচিত নয়।
হুয়াংয়ের প্রত্যাবর্তনে ট্রাম্পের ভূমিকা নিয়ে বিতর্ক
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সোমবার আকস্মিকভাবে হুয়াংকে পুনরায় প্রধান নির্বাহী পদে ফিরিয়ে আনার ঘোষণা দেয়। পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোনস জানান, শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার ও গ্রাহকদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্ষদের দাবি, যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মতামত নেওয়ার পর তারা নিশ্চিত হয়েছেন যে হুয়াংয়ের প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানান, তিনি এনভিডিয়ার পরিচালকদের সঙ্গে কথা বলেছেন এবং হুয়াংকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনতে তাঁদের রাজি করিয়েছেন।
ট্রাম্পের এই ভূমিকা নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট- উভয় দলের আইনপ্রণেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রিপাবলিকান কংগ্রেস সদস্য ডন বেকন বলেন, হুয়াংকে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রশাসনের ‘অব্যাখ্যাত আগ্রহ’ উপেক্ষা করা উচিত ছিল এনভিডিয়ার।
রিপাবলিকান সিনেটর পিট রিকেটসের মতে, হুয়াংয়ের ব্যক্তিগত আচরণ নিয়ে বিতর্ক থাকলেও জাতীয় নিরাপত্তা এবং হিসাবের বাইরে থাকা চিপের বিষয়ে এনভিডিয়ার জবাবদিহির দায়িত্ব শেষ হয়ে যায় না। অন্যদিকে, ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও হাউস ওভারসাইট কমিটির পরবর্তী চেয়ারম্যান রবার্ট গার্সিয়া বলেছেন, এনভিডিয়ার সিদ্ধান্তে ট্রাম্পের সরাসরি সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা ও দুর্নীতিসংক্রান্ত গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো এ ঘোষণার আগে শেয়ারবাজারে কারা কী ধরনের শেয়ার লেনদেন করেছেন, তা তদন্তের দাবি জানিয়েছেন।
শেয়ারবাজারে ওঠানামা
হুয়াংকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারের দাম একদিনে ৩১ শতাংশের বেশি বেড়েছিল। তবে মঙ্গলবারের অস্থির লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ কমে যায়। যদিও দরপতনের পরও শেয়ারমূল্য আগের সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় বেশি ছিল।
এদিকে, জাতীয় নিরাপত্তা ও চীনে প্রযুক্তি পাচারের অভিযোগ নিয়ে কংগ্রেসের সামনে হাজির হওয়ার কথা রয়েছে জেনসেন হুয়াংয়ের। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় শুনানিতে তাঁর সঙ্গে সন্দেহভাজন চীনা গোয়েন্দা সংশ্লিষ্টতা, মেগাস্পিডের সঙ্গে সম্পর্ক এবং উন্নত এআই চিপের রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলার কথা রয়েছে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র