11/06/2026 চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
odhikarpatra
২০ October ২০২৬ ২৩:৪২
বিশেষ প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে রহমতগঞ্জের পূজামণ্ডপে পৌঁছে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অর্পণ কান্তি ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীবধর তমাল এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।
সঙ্গে ছিলেন মন্ত্রিসভার সদস্য ও রাজনৈতিক নেতারা
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি জেএম সেন হল পূজামণ্ডপে যান তিনি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর এ সফরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় ছিল কর্মসূচির অন্যতম অংশ।