odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd April 2026, ২২nd April ২০২৬

কোচ আনচেলত্তির ভাবনায় নেই নেইমার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ February ২০২৬ ১৭:২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ February ২০২৬ ১৭:২৮

ক্যারিয়ারজুড়ে প্রতিনিয়ত চোটের সঙ্গে লড়াই করছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। ২০২২ কাতার বিশ্বকাপের পর চোটের কারণে সৌদি প্রো লিগের দল আল হিলালে নাম লিখিয়েও খেলতে পারেননি নিয়মিত। এরপর ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে। কয়েকমাস পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে ফিফা ফুটবল বিশ্বকাপ। সেই আসরে বহুল প্রতীক্ষিত ‘হেক্সা’ মিশন পূরণ করতে চায় সেলেসাওরা। সেই আসরে খেলার জন্য নিজেকে তৈরি রাখছেন নেইমার।

কিন্তু কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় কি আছেন নেইমার? দেশটির জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে বিশ্বকাপে পাওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো সুখবর নেই ভক্তদের জন্য। বলা চলে দুঃসংবাদই দিয়েছে ইএসপিএন ব্রাজিল।

ব্রাজিলের জার্সিতে নেইমারের ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। আগামী মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ইএসপিএনের প্রতিবেদন জানিয়েছে, কোচ আনচেলোত্তির পরিকল্পনায় এখনও জায়গা হয়নি নেইমারের।

অনেকে মনে করছেন, নোভোরিজোনিতোর বিপক্ষে সান্তোসের হতাশাজনক হার এবং চ্যাম্পিয়শিপ থেকে ছিটকে পড়ায় জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছে নেইমার। আবার আনচেলত্তির ভাবনাতেও নেইমারের না থাকার বিষয়টি সামনে এসেছে।

নেইমারের শারীরিক অবস্থা ও মাঠের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। যদিও চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে শেষ দিকের ম্যাচগুলোতে তাকে রাখার পরিকল্পনা কখনোই নাকি ছিল না। ধীরে ধীরে চোট কাটিয়ে ফেব্রুয়ারিতে মাঠে ফিরে নেইমার ছন্দ ফিরে পাবেন এমনটা আশা করা হয়েছিল। এরপর জাতীয় দলে ফেরার বিষয়টি বিবেচনা করা হবে।

আনচেলোত্তির কোচিং স্টাফের মূল্যায়ন অনুযায়ী, জাতীয় দলে নেইমার কীভাবে মানিয়ে নেবেন—এ নিয়ে কোনো সন্দেহ বা বিতর্ক নেই। পরিকল্পনাও অপরিবর্তিত রয়েছে। মে মাসে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখা হবে, ব্রাজিলের প্রয়োজন অনুযায়ী তিনি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফিট আছেন কি না।

ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনগুলোতে আনচেলোত্তি সবসময় নেইমারের জন্য জাতীয় দলে ফেরার দরজা খোলা বলে মন্তব্য করতেন। তবে শারীরিকভাবে ফিট থাকার বিষয়টির ওপর জোর দিয়েছেন তিনি।

সবকিছুই নির্ভর করবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত নেইমারের অগ্রগতির ওপর। যদি ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড শারীরিক ও টেকনিক্যালভাবে ভালো অবস্থায় থাকেন, তাহলে তাকে বিবেচনায় নেওয়া হবে। অন্যথায় ২০১৪, ২০১৮ ও ২০২২-এর পর চতুর্থ বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হতে পারে তার।



আপনার মূল্যবান মতামত দিন: