odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd April 2026, ২২nd April ২০২৬
বেথেলের অতিমানবীয় সেঞ্চুরি ম্লান করে দিল স্যামসন-পান্ডিয়াদের তাণ্ডব; ঘরের মাঠে টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট পেল টিম ইন্ডিয়া

ওয়াংখেড়েতে রানবন্যা দেখলো ক্রিকেট বিশ্ব: ৭ রানের জয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

Special Correspondent | প্রকাশিত: ৫ March ২০২৬ ২৩:৪৫

Special Correspondent
প্রকাশিত: ৫ March ২০২৬ ২৩:৪৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

ওয়াংখেড়ের ব্যাটিং স্বর্গে রানবন্যার লড়াইয়ে শেষ হাসি হাসল ভারত। জ্যাকব বেথেলের অতিমানবীয় সেঞ্চুরি সত্ত্বেও ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল স্বাগতিকরা। আগামী ৮ মার্চ শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

পাহাড়সম পুঁজি ভারতের

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রানের বিশাল স্কোর দাঁড় করায় ভারত। ওপেনার অভিষেক শর্মা (৯) দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন সঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। ইশান ১৮ বলে ৩৯ রান করে আউট হলেও স্যামসন ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন। যাতে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। মাঝপথে শিবম দুবে ২৫ বলে ৪৩ এবং শেষদিকে হার্দিক পান্ডিয়ার ১২ বলে ২৭ ও তিলক ভার্মার ৭ বলে ২১ রানের ঝোড়ো ক্যামিওতে ভারত আড়াইশ পার করে। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ও উইল জ্যাকস ২টি করে উইকেট নেন।

বেথেলের লড়াই ট্র্যাজিক সমাপ্তি

২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিল সল্ট (৫) ও অধিনায়ক হ্যারি ব্রুকের (৭) উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। তবে এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব শুরু করেন তরুণ জ্যাকব বেথেল। মাত্র ১৯ বলে অর্ধশতক পূর্ণ করার পর তিনি তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। বেথেলকে যোগ্য সঙ্গ দেন উইল জ্যাকস (৩৫) ও টম ব্যান্টন (১৭)। শেষ ওভার পর্যন্ত লড়াই জিইয়ে রেখেছিলেন বেথেল। তবে ব্যক্তিগত ১০৫ রানে (৪৮ বল, ৭ চার, ৮ ছয়) তিনি রান আউটের শিকার হলে ইংল্যান্ডের জয়ের আশা শেষ হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রানে থামে ইংলিশদের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোরকার্ড 

ভারত: ২৫৩/৭ (২০ ওভার) 

সেরা ব্যাটার: সঞ্জু স্যামসন (৮৯), শিবম দুবে (৪৩), ইশান কিষাণ (৩৯) 

ইংল্যান্ড: ২৪৬/৭ (২০ ওভার) 

সেরা ব্যাটার: জ্যাকব বেথেল (১০৫), উইল জ্যাকস (৩৫), টম ব্যান্টন (২৫)

 ফল: ভারত ৭ রানে জয়ী। 

ম্যাচ সেরা: সঞ্জু স্যামসন।

ফাইনালের সমীকরণ:

প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে সূর্যকুমার যাদবের দল।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

 



আপনার মূল্যবান মতামত দিন: