odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 1st May 2026, ১st May ২০২৬
শিক্ষার্থীদের সিট বণ্টনে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জোরালো

ঢাবিতে আবাসন সংকট নিরসনে ডাকসুর কর্মসূচি, তিন দফা দাবি

odhikarpatra | প্রকাশিত: ১ May ২০২৬ ১৫:৫৬

odhikarpatra
প্রকাশিত: ১ May ২০২৬ ১৫:৫৬

অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে প্রশাসনের জবাবদিহিতা ও তিন দফা দাবিতে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা ‘সিট বণ্টনের নীতিমালা দিতে হবে’, ‘এক, দুই, তিন, চার—আদুভাই সিট ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে ডাকসুর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে।

আলোচনা শেষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সাংবাদিকদের জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেন সময়মতো হলে সিট পায়, সিট না পেলে আবাসন বৃত্তির ব্যবস্থা থাকে এবং বারবার রিএড নিয়ে হলে অবস্থান করার প্রবণতা বন্ধ করা—এসব লক্ষ্যেই তারা সুনির্দিষ্ট সিট নীতিমালার দাবি জানিয়ে আসছেন।

তিনি বলেন, উপাচার্য ৩০ এপ্রিলের মধ্যে হলভিত্তিক সিটের হালনাগাদ তথ্য ও নীতিমালা দেওয়ার আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ডাকসু এখনো হলগুলোর চূড়ান্ত সিট তালিকা পায়নি এবং সিট বণ্টনের নির্দিষ্ট নীতিমালাও চূড়ান্ত হয়নি।

এস এম ফরহাদ আরও বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনায় ডাকসুর পক্ষ থেকে মৌখিকভাবে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সেশনভিত্তিক সিট ব্যবস্থাপনা নিশ্চিত করা, মাস্টার্স পরীক্ষায় বারবার রিএড নিয়ে হলে থাকার প্রবণতা বন্ধ করা, সিটের মেয়াদ শেষে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার সংস্কৃতি চালু করা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া।

ডাকসুর তিন দফা দাবি: ১. সব হলের জন্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য সিট নীতিমালা নিশ্চিত করা।
২. নীতিমালার ভিত্তিতে যাদের সিট বাতিল হওয়ার কথা, তাদের সিট বাতিল করা।
৩. শুধুমাত্র চলমান শিক্ষার্থী ও বৈধভাবে সিটপ্রাপ্ত আবাসিক শিক্ষার্থীদের হলে অবস্থান নিশ্চিত করা।



আপনার মূল্যবান মতামত দিন: