odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 7th May 2026, ৭th May ২০২৬
ডিসি ও বিভাগীয় কমিশনারদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান

রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ৬ May ২০২৬ ২৩:০৯

odhikarpatra
প্রকাশিত: ৬ May ২০২৬ ২৩:০৯

অধিকারপত্র ডটকম 

বিশেষ প্রতিনিধি:

তারেক রহমান বলেছেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। তাই দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার জন্য জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৬ মে) রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ও প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমেই জনমনে বিশ্বাস গড়ে ওঠে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে সচেতন থাকবেন।

তিনি আরও বলেন, প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, এটি মানুষের সেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে তা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, মানুষের উপকার করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্র অসংখ্য পরিবারের সমন্বয়ে গঠিত। পরিবারগুলো যদি মূল্যবোধে উজ্জীবিত থাকে, তাহলে রাষ্ট্রীয় মূল্যবোধও সুসংহত হবে।

তিনি জানান, সরকার জনপ্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকারি দপ্তরে সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া সম্মানের সঙ্গে দ্রুত সেবা পান, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তাদের আচরণই জনগণের কাছে রাষ্ট্রের প্রতিচ্ছবি তৈরি করে। সেবাগ্রহীতাদের সঙ্গে আন্তরিক ও মানবিক আচরণ জনগণের আস্থা বাড়ায়, আর হয়রানি সেই আস্থা নষ্ট করে।

তিনি প্রশাসনের কর্মকর্তাদের ‘মাঠ পর্যায়ে সরকারের অ্যাম্বাসেডর’ হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের কর্মসূচি বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে গত ৩ মে ওসমানী স্মৃতি মিলনায়তন-এ চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সম্মেলনের সমাপনীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: