odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd April 2026, ২৩rd April ২০২৬

রাত ৮টার পর দোকান বন্ধ রাখার আহ্বান মেয়র তাপসের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ May ২০২২ ০০:২৫

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ May ২০২২ ০০:২৫

রাজধানীর সড়কে যানজট নিরসনের কথা উল্লেখ করে রাত ৮টার পর পরই রাজধানীতে দোকান বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার (১৬ মে) ডিএসসিসি নগরভবনে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, রাত ৮টার পর দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এর আরও বেশকিছু ভালো দিক আছে। এটি কার্যকর করতে পারলে, আমরা পরিবারকে আরও বেশি সময় দিতে পারব। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। এখন দেখা যায়, অনেক ব্যবসায়ী তার প্রতিষ্ঠান মধ্যরাত পর্যন্ত খুলে রাখেন। বাড়ি ফিরতেও ধেরি করেন। রাত ৮টার পর দোকানপাট বন্ধ হয়ে গেলে শহরের যানজট নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করব।

ডিএসসিসি মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে দৃঢ়তার সঙ্গে বলতে চাই দুর্নীতি মুক্তির দিক থেকে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি। যদি সরকারের পক্ষ থেকে তালিকা করা হয়, তাহলে নিশ্চিত করে বলতে পারি এই দুর্নীতি মুক্তির দিক থেকে এক নম্বর প্রতিষ্ঠান হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অগ্রযাত্রার দিক থেকে ডিএসসিসিকে কেউ দাবায় রাখতে পারবে না।

নিবন্ধন ছাড়া কোনো প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা পরিকল্পনা করেছি, সেই অনুযায়ী খুব দ্রুত উদ্যোগ নেবো। সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন নিতে হবে। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যেসব বাজার আছে, সেগুলো আমাদের আওতায় আনবো। কীভাবে সেই বাজার পরিচালনা হবে, কয়টি বাজার থাকবে এগুলো সব আমরা একটি নীতিমালার আওতায় আনবো। এই বাজারগুলোকে নিবন্ধন দেবো।

জলাবদ্ধতার বিষয়ে দক্ষিণ সিটির মেয়র বলেন, আশা করছি এ বছর রাজধানীতে জলাবদ্ধতা আগের চেয়ে কম হবে। আগে জলাবদ্ধতা হলে তা নিরসন হতে এক ঘণ্টা সময় লাগতো। কাজ করার ফলে, চলতি বছরে আধাঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়ে যাবে। আমরা দৃঢ়তার সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন: