odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd October 2026, ২৩rd October ২০২৬
ইউনিয়ন অখণ্ড রাখার ও নতুন ইউনিয়ন গঠনের দাবিতে পাল্টাপাল্টি মানববন্ধনের ঘোষণা; আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঝালকাঠির গালুয়া ইউনিয়ন বিভক্তির প্রস্তাব ঘিরে উত্তেজনা, জারি ১৪৪ ধারা

odhikarpatra | প্রকাশিত: ২৩ October ২০২৬ ২২:১৪

odhikarpatra
প্রকাশিত: ২৩ October ২০২৬ ২২:১৪

ঝালকাঠি প্রতিনিধি | অধিকারপত্র ডটকম

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন বিভক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচির ঘোষণায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত গালুয়া বাজার ও এর আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ফলে দুই পক্ষের ঘোষিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের একটি ডিও (ডেমি অফিসিয়াল) চিঠিতে রাজাপুর পৌরসভা গঠন এবং গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন করার প্রস্তাবের কথা উল্লেখ রয়েছে। বিষয়টি সামনে আসার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া দেখা দেয়।

ইউনিয়ন অখণ্ড রাখার দাবিতে এক পক্ষের কর্মসূচি

গালুয়া ইউনিয়নের অখণ্ডতা রক্ষার দাবিতে শুক্রবার বিকেল ৪টায় গালুয়া বাজারে মানববন্ধনের ঘোষণা দেয় একটি পক্ষ।

তাদের দাবির মধ্যে রয়েছে, ইউনিয়ন বিভক্তির উদ্যোগ বাতিল, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, প্রয়োজনে পুলিশ ফাঁড়ি স্থাপন এবং গালুয়াকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।

অন্যদিকে, বৃহত্তর পুটিয়াখালীকে ৭ নম্বর ইউনিয়ন ঘোষণার দাবিতে একই দিন বিকেল ৩টায় গালুয়া ইউনিয়ন পরিষদের সামনে পৃথক মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়।

 একই এলাকায় দুই পক্ষের কর্মসূচি, প্রশাসনের নিষেধাজ্ঞা

উভয় পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরীর স্বাক্ষরিত আদেশে গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় সমাবেশের উদ্দেশ্যে প্রবেশ, মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সমাবেশ, মিছিল ও সভা নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার বিষয়টি না জেনে কয়েকজন কর্মসূচিস্থলে আসতে শুরু করেন। পরে আদেশের খবর পেয়ে তাঁরা ফিরে যান। ফলে কোনো পক্ষই নির্ধারিত কর্মসূচি পালন করতে পারেনি।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব বলেন, গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন করার প্রস্তাবকে কেন্দ্র করে একই স্থানে পক্ষে-বিপক্ষে দুটি পক্ষ মানববন্ধনের ঘোষণা দেয়। মানববন্ধনের ওপর প্রশাসনের আলাদা কোনো বাধা ছিল না; তবে একই স্থানে দুই পক্ষ কর্মসূচি দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

প্রশাসনের আদেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।