odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬
ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভা | ১২ ফেব্রুয়ারি সফল করার ডাক

"১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টের অর্জনও ম্লান হয়ে যাবে!" বাড্ডার জনসভায় হুঙ্কার দিলেন নাহিদ ইসলাম

odhikarpatra | প্রকাশিত: ৮ February ২০২৬ ১৫:১৭

odhikarpatra
প্রকাশিত: ৮ February ২০২৬ ১৫:১৭

জাতীয় নাগরিক পার্টি নিউজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারির গুরুত্ব তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, "১২ ফেব্রুয়ারি যদি আমরা ব্যর্থ হই, তবে গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সাফল্যও ব্যর্থ হয়ে যাবে।" ৫ আগস্টের উদ্দীপনা নিয়ে ১২ ফেব্রুয়ারিকেও সফল করে বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় আয়োজিত এনসিপির এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের দীর্ঘদিনের অবহেলা ও নাগরিক সংকটের চিত্র তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, "এই এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, সরকারি হাই স্কুল কিংবা বিশেষায়িত হাসপাতাল নেই। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার জন্য মানুষকে পুরোপুরি প্রাইভেট সেক্টরের ওপর নির্ভর করতে হয়। এই আসনের বিশাল জনগোষ্ঠীর বিপরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র ১৫টি।"

এলাকার অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, "সামান্য বৃষ্টিতেই এলাকার ৬০ শতাংশ রাস্তা তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থার ৭০ শতাংশই অপরিকল্পিত। রামপুরা ও শাহজাদপুর খালসহ আশপাশের নদী ও জলাশয়গুলো ভূমিদস্যুদের কবলে চলে গেছে। বালু ফেলে খাল ভরাট করার কারণে জলাবদ্ধতা এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।"

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন যে, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ভূমিদস্যুরা সাধারণ মানুষের জমি ও খাস জমি দখল করে শত শত পরিবারকে নিঃস্ব করেছে। এই রাজনৈতিক অচলায়তন ভেঙে এলাকার পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে তিনি ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন: