নিউজ ডেস্ক | অধিকারপত্র
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচনি ব্যয় নির্বাহ করা সম্ভব নয় এমন কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি প্রার্থিতা প্রত্যাহারের এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে যা জানালেন মান্না
বর্তমানে নিজের পৈত্রিক নিবাস বগুড়ায় অবস্থানরত মাহমুদুর রহমান মান্না ফেসবুক পোস্টে লেখেন: একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মতো ভোটার এখানে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। তিনি আরও যোগ করেন, এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮-এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।
দুই আসনে লড়াই ও বর্তমান অবস্থা
মাহমুদুর রহমান মান্না এবার ঢাকা-১৮ এবং বগুড়া-২ (শিবগঞ্জ) এই দুই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শুরুতে বগুড়া-২ আসনে ঋণখেলাপির অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল হলেও পরে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে তিনি তা ফিরে পান। অন্যদিকে ঢাকা-১৮ আসনে তাঁর মনোনয়ন শুরু থেকেই বৈধ ছিল। তবে ঢাকা-১৮ আসনটি বিশাল হওয়ায় এবং নির্বাচনি খরচ বহনের সক্ষমতা না থাকায় তিনি এখন শুধুমাত্র বগুড়া-২ আসনেই মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ঢাকা-১৮ ও বগুড়া-২ এর সমীকরণ
রাজধানীর খিলক্ষেত, উত্তরা, তুরাগ ও দক্ষিণখান নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে বড় দলগুলোর হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে রয়েছেন: বিএনপি: এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামী: মুহাম্মদ আশরাফুল হক,জাতীয় নাগরিক পার্টি: আরিফুল ইসলাম। অন্যদিকে বগুড়া-২ আসনে বিএনপির মীর শাহে আলম এবং জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুরুতে এই আসনটি মান্নার জন্য ছেড়ে দেওয়ার কথা থাকলেও পরে বিএনপি সেখানে নিজস্ব প্রার্থী দেয় যার ফলে সেখানে এখন ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
ডাকসুর দুবারের সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এর আগে একাধিকবার নির্বাচনে অংশ নিলেও এখনো সংসদে যাওয়ার সুযোগ পাননি। শেষ মুহূর্তে ঢাকার মাঠ ছেড়ে দিয়ে বগুড়ায় তিনি কতটা সুবিধা করতে পারেন এখন সেটাই দেখার বিষয়।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: