নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পাহাড়ি ঝর্ণায় তৎকালীন নবম শ্রেণির শিক্ষার্থী (এখন এসএসসি পরীক্ষার্থী) ফুয়াদ রহমানের (তেপান্তর নামে অধিক পরিচিত) আবিষ্কৃত বিরল ‘প্যানাথার ড্যানিও’ (Danio aesculapii) মাছ বাংলাদেশের জীববৈচিত্র্য গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি ঝর্ণা থেকে প্রথমবারের মতো আবিষ্কৃত হয়েছে বিরল প্রজাতির ‘প্যানাথার ড্যানিও’ (Danio aesculapii) মাছ। এ প্রজাতিটির জীবন্ত আলোকচিত্র রেকর্ডও এটিই প্রথম বলে জানা গেছে। ২০২৩ সালের শেষদিকে মাছটি আবিষ্কার করেন তৎকালীন নবম শ্রেণির (এখন এসএসসি পরীক্ষার্থী) শিক্ষার্থী ফুয়াদ রহমান, যা ইতোমধ্যে স্থানীয় জীববৈচিত্র্য গবেষণায় নতুন আগ্রহ সৃষ্টি করেছে।
জানা যায়, Danio aesculapii দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে সীমিতভাবে বিস্তৃত একটি বিরল স্বাদুপানির মাছ। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে এ প্রজাতির উপস্থিতি আগে নথিভুক্ত না হওয়ায় এই আবিষ্কার বিশেষ তাৎপর্য বহন করছে। বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি ঝর্ণা ও স্বচ্ছ প্রবাহমান পানিতে এ মাছের বসবাস, যা পরিবেশগত ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক।
সবচেয়ে উৎসাহব্যঞ্জক বিষয় হলো—এ আবিষ্কারটি করেছে নবম শ্রেণির একজন শিক্ষার্থী। অল্প বয়সে জীববৈচিত্র্য নিয়ে তার এমন আগ্রহ ও অনুসন্ধিৎসু মনোভাব নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ফুয়াদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর অধ্যাপক ড. মাহবুব লিটু এবং মিসেস রাশিদা আক্তারের জ্যেষ্ঠ সন্তান। তার ছোট ভাইয়ের নাম আদিয়ান রহমান রূপান্তর।
ফুয়াদের মা মিসেস রাশিদা আক্তারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, খুব ছোটবেলা থেকেই ফুয়াদের প্রকৃতি ও মাছের প্রতি গভীর আগ্রহ ছিল। তার বয়স যখন মাত্র দুই থেকে আড়াই বছর, তখন থেকেই বাসায় মাছ আনলে সে ঘণ্টার পর ঘণ্টা সেই মাছ নিয়ে খেলত। তিনি আরও বলেন, ফুয়াদের বাবা সবসময় তাকে উৎসাহ দিয়ে আসছেন, যা তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জীববিজ্ঞান সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের আবিষ্কার তরুণ প্রজন্মকে গবেষণা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে উৎসাহিত করবে। একই সঙ্গে এটি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৈজ্ঞানিক অনুসন্ধানের গুরুত্বও নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ফুয়াদ রহমান লেখেন,
“Confirmed, The first live photographic record of the species, Danio aesculapii (Panther danio). This specific specimen was caught at the end of 2023 from a hillstream in Chittagong, Bangladesh. This is the first live photograph of the species from Bangladesh. When I caught it I was still very new to wildlife exploration. Note: This species is yet to be officially recorded in Bangladesh. Hence this image proves the existence of the species in Bangladesh. This also breaks the long myth of them being endemic to Myanmar.”
তিনি আরও উল্লেখ করেন, সংগ্রহ করা নির্দিষ্ট নমুনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে হস্তান্তর করা হয়েছে।
ফুয়াদ রহমানের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।
#ফুয়াদ_রহমান, #Danio_aesculapii, #প্যানাথার ড্য_নিও, #বিরল_মাছ, #বাংলাদেশ_জীববৈচিত্র্য, #চট্টগ্রাম_পাহাড়ি_ঝর্ণা, #নবম_শ্রেণির_শিক্ষার্থী_আবিষ্কার, #স্বাদুপানির_মাছ, #বাংলাদেশ_গবেষণা, #তরুণ_গবেষক

আপনার মূল্যবান মতামত দিন: