নিউজ ডেস্ক | অধিকারপত্র
মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের মেঘ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে নিজের নীরবতা ভাঙলেন পোপ লিও চতুর্দশ। রোববার ভ্যাটিকানে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস প্রার্থনার সময় বিশ্বনেতাদের প্রতি বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেন তিনি।
সংলাপের আহ্বান, অস্ত্রের নয়
সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজারো মানুষের উদ্দেশ্যে পোপ বলেন, আমি গভীর উদ্বেগের সাথে ইরান ও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। হুমকি বা অস্ত্রের ব্যবহারে শান্তি আসে না বরং এটি ধ্বংস ও মৃত্যু ডেকে আনে। তিনি জোর দিয়ে বলেন কেবল যৌক্তিক এবং আন্তরিক সংলাপের মাধ্যমেই প্রকৃত স্থিতিশীলতা সম্ভব।
ট্রাম্পের মহাপ্রলয়ংকরী হামলার হুমকি
প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ফ্লোরিডার মার-এ-লাগো থেকে দেওয়া এক ভাষণে ইরানকে লক্ষ্য করে অভূতপূর্ব শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তেহরান প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করলে ট্রাম্প এই কঠোর অবস্থান নেন। ট্রাম্পের দাবি, ইরানি শাসনগোষ্ঠীকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা একটি মহৎ মিশন। যদিও তিনি স্বীকার করেছেন এই যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি হতে পারে।
খাদের কিনারায় বিশ্ব
ইতিমধ্যে তেল আবিবে বিমান হামলার সাইরেন এবং বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পথে। এই মানবিক বিপর্যয়ের মুখে পোপ লিও ১৪তম বলেন একটি বিশাল ট্র্যাজেডির সম্মুখীন হয়ে আমি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অনুরোধ করছি, অপূরণীয় অতল গহ্বরে পড়ার আগেই সহিংসতার এই সর্পিল পথ বন্ধ করার নৈতিক দায়িত্ব গ্রহণ করুন।
কূটনৈতিক সমাধানের শেষ চেষ্টা
প্রথম আমেরিকান পোপ হিসেবে লিও চতুর্দশ বিশ্ববাসীকে শান্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন কূটনীতি তার হারানো গৌরব ফিরে পাবে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে। পোপ লিও-র এই আহ্বান কেবল একটি ধর্মীয় বার্তা নয় বরং যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বিশ্বমানবতার জন্য এক চরম সতর্কবাণী। যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক শক্তিকে নোবেল মিশন হিসেবে দেখছেন। সেখানে পোপ একে দেখছেন এক অপূরণীয় অতল গহ্বর হিসেবে। এখন দেখার বিষয়, হোয়াইট হাউস পোপের এই নৈতিক আবেদনকে কতটা গুরুত্ব দেয়। নাকি মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতের পথে পা বাড়ায়।
---মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: