অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক
সিলেট | ০২ মে ২০২৬: তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থীরাই দেশের ‘আগামী দিনের ভবিষ্যৎ’ এবং তাদের মধ্য থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে।
শনিবার বিকেলে সিলেট স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, “তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। দেশের দায়িত্ব তোমাদেরই নিতে হবে, কারণ তোমরাই ভবিষ্যৎ।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “যে খেলোয়াড় হতে চায় সে খেলোয়াড় হবে, যে গান শিখতে চায় সে গান শিখবে—সেই সুযোগ আমরা তৈরি করব।”
অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদে শিক্ষার্থীদের ‘প্রধান অতিথি’ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমাদের সময় প্রায় শেষ, এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।”
তার বক্তব্যে ভবিষ্যৎ নেতৃত্বের কথাও তুলে ধরে তিনি বলেন, “এই বাংলাদেশে তোমাদের মধ্য থেকেই এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী এমনকি প্রেসিডেন্ট তৈরি হবে।”
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির সূচনার পেছনের ভাবনা তুলে ধরে তিনি জানান, প্রায় সাড়ে চার বছর আগে লন্ডনে আলোচনার মাধ্যমে এই উদ্যোগের ধারণা আসে।
এর আগে অনুষ্ঠানে বিকেএসপির শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্টে মনোজ্ঞ প্রদর্শনী করে।
শেষে প্রধানমন্ত্রী সারাদেশের ৬৪ জেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন ঘোষণা করেন এবং ট্রফি ও লোগো উন্মোচন করেন। পরে তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবাইদা রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।
এই কর্মসূচি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়ন করছে ক্রীড়া পরিদপ্তর। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করাই এর লক্ষ্য।

আপনার মূল্যবান মতামত দিন: