odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৫ May ২০২৬ ২৩:৩৬

odhikarpatra
প্রকাশিত: ১৫ May ২০২৬ ২৩:৩৬

 

ময়মনসিংহ, ১৫ মে ২০২৬ : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাইজ উদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। তারা দু’জনই কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে তাইজ উদ্দিন বাড়ির পাশে ধানের খড় শুকানোর কাজ করছিলেন। এ সময় ঝড়ো বাতাসে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের একটি তার খড়ের নিচে পড়ে ছিল। অসাবধানতাবশত সেই তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে ঘটনাটি দেখে প্রতিবেশী আরশব আলী তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। তবে তিনিও বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত দু’জনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

#ময়মনসিংহ #ফুলপুর #বিদ্যুৎস্পৃষ্ট #দুর্ঘটনা #কৃষক

 



আপনার মূল্যবান মতামত দিন: