নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র
মুন্সীগঞ্জে গচ্ছিত রাখা স্বর্ণালঙ্কার ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাই ও ভাবির বিরুদ্ধে। বিয়ের পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের ভাই ও ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই মুন্সীগঞ্জ জেলা চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকার একটি আকাশমণি বাগানের খড়ের স্তূপের ভেতর থেকে আলমগীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা। তিনি বিভিন্ন এলাকায় বাদাম ও বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী রিনা বেগম (২৪)। পিবিআই জানায়, গ্রেপ্তারদের মধ্যে সাদ্দাম, শফিকুল ও জাহাঙ্গীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআইয়ের তদন্তে জানা যায়, ঘটনার প্রায় তিন মাস আগে আলমগীর তাঁর ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখেন। পরে আলমগীরকে না জানিয়ে ওই স্বর্ণের তিন আনা একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন জাহাঙ্গীর ও রিনা। বিষয়টি জানার পর স্বর্ণালঙ্কার ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এ নিয়ে একাধিকবার কথা-কাটাকাটি হয় এবং স্থানীয়ভাবে সালিসও অনুষ্ঠিত হয়। সালিসে আলমগীরকে তাঁর স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তা ফেরত না দিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে পিবিআই।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে পিবিআই জানায়, হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য সাদ্দামকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, গত ১১ নভেম্বর বিয়ের পাত্রী দেখানোর কথা বলে সাদ্দাম ও শফিকুল আলমগীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে দুটি মিশুক অটোরিকশায় তাঁকে রিকাবীবাজার হয়ে বালুচরের দিকে নেওয়া হয়। পথে আরও দুজন তাঁদের সঙ্গে যুক্ত হন।
কালিনগরের নির্জন এলাকায় পৌঁছানোর পর আলমগীরের কাছে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তিনি চিৎকার করলে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়। পরে মরদেহ খড় দিয়ে ঢেকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তরা বলে জানিয়েছে পিবিআই।
এদিকে, গত ১৭ নভেম্বর আলমগীরের পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ সদর থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই দিন সন্ধ্যায় কালিনগর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়।
এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। পরদিন মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই মুন্সীগঞ্জ জেলা।
তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট এবং দুটি মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন জানান, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
