odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 18th May 2026, ১৮th May ২০২৬

বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

odhikarpatra | প্রকাশিত: ১৬ May ২০২৬ ১৪:০০

odhikarpatra
প্রকাশিত: ১৬ May ২০২৬ ১৪:০০

অধিকারপত্র ডটকম | রাজনৈতিক প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১৯:২৮

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে যেসব বক্তব্য প্রচারিত হচ্ছে, তা দুই দেশের সুসম্পর্কের জন্য ইতিবাচক নয়।”

শনিবার বিকেলে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে সীমান্তে নিরপরাধ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে এসব ঘটনা বন্ধের আহ্বান জানান।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকার যদি সত্যিই সুসম্পর্ক চায়, তাহলে তাদের বক্তব্য ও আচরণে সেটির প্রতিফলন থাকতে হবে।

আসন্ন ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থে এবং নদীর ন্যায্য হিস্যা আদায়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটি কোনো একক দলের নয়, বরং সমগ্র জাতির অস্তিত্বের প্রশ্ন।

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক চক্রান্ত ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রতীক ছিল সেই আন্দোলন।

তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার সঠিক সময়ে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের লবণাক্ততা ও পরিবেশগত সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মির্জা ফখরুল আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শুরু করা খাল খনন কর্মসূচি নতুন আঙ্গিকে পুনরায় চালু করা হয়েছে, যাতে বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষি ও জীববৈচিত্র্য রক্ষা করা যায়।

তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে সমর্থন দিয়ে প্রমাণ করেছে যে তারা উগ্রবাদ ও সাম্প্রদায়িক রাজনীতিকে সমর্থন করে না। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। সঞ্চালনা করেন দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

#মির্জা_ফখরুল #বাংলাদেশ_ভারত #পশ্চিমবঙ্গ #ফারাক্কা_লংমার্চ #গঙ্গা_চুক্তি #বিএনপি



আপনার মূল্যবান মতামত দিন: