odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 19th May 2026, ১৯th May ২০২৬
গোপন বৈঠক, আসন বণ্টন ও রাষ্ট্র পরিচালনা ইস্যুতে মতপার্থক্যের অভিযোগ

জামায়াতের সঙ্গে সমঝোতা ভাঙার কারণ জানালেন চরমোনাই পীর

odhikarpatra | প্রকাশিত: ১৮ May ২০২৬ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ১৮ May ২০২৬ ২৩:৫৪

অধিকারপত্র ডটকম

প্রকাশিত: সোমবার, ১৮ মে ২০২৬ | রাজনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা ভেঙে যাওয়ার কারণ নিয়ে মুখ খুলেছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি অভিযোগ করে বলেন, নতুন দলের সংযুক্তি, আসন বণ্টন, বিদেশিদের সঙ্গে গোপন বৈঠক এবং রাষ্ট্র পরিচালনা নিয়ে মতবিরোধের কারণেই সমঝোতা টেকেনি।

সোমবার (১৮ মে) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, “সমঝোতায় নতুন দলের সংযুক্তি ও তাদের আসন বণ্টনের বিষয়ে আগের শরিকদের সঙ্গে পরামর্শ না করে একক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া ভারত ও আমেরিকার সঙ্গে গোপন বৈঠক, ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার পরিবর্তে বিদ্যমান আইনে দেশ পরিচালনার অঙ্গীকার এবং মার্কিনিদের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উগ্রবাদী হিসেবে উপস্থাপনের কারণেই সমঝোতা ভেঙে যায়।”

তিনি আরও বলেন, পরবর্তীতে সমঝোতা টিকিয়ে রাখতে নানা চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

রাজনীতিতে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “কেবল এমপি-মন্ত্রী হওয়ার জন্য আমরা রাজনীতি করি না। ইসলাম, দেশ, জাতি ও মানবতার স্বার্থেই আমরা অটল থাকবো। ভবিষ্যতেও এসব আদর্শের ভিত্তিতে জোট হতে পারে।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার ওপর আস্থা রাখতে চান তারা।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে চরমোনাই পীর বলেন, দল বর্তমানে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং সাংগঠনিক সংস্কার ও প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে “গোলামির চুক্তি” আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান তিনি।

ভারতের পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “বিজেপি যা করছে তা কোনও সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। তাদের ধর্মনিরপেক্ষতার দাবি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতকে এই বর্বরতা থেকে সরে আসতে হবে।”

এ সভা থেকেই ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: