odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬
যাত্রী টার্মিনালে হামলার পর বিমান চলাচল স্থগিত; বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে ফ্লাইট

ইরানি ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ, আহত কয়েকজন

odhikarpatra | প্রকাশিত: ৪ June ২০২৬ ০১:১৯

odhikarpatra
প্রকাশিত: ৪ June ২০২৬ ০১:১৯

অধিকার পত্র ডটকম | আন্তর্জাতিক প্রতিনিধি

প্রকাশিত: ০৩ জুন ২০২৬

মুল প্রতিবেদন :

কুয়েত সিটি: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ইরানের ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।

বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুলআজিজ আল-আতওয়ান এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ হামলাকে ‘অপরাধমূলক ইরানি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হামলায় টার্মিনাল ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

তবে কতজন আহত হয়েছেন সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ‘টার্মিনাল ওয়ান’ ইরানি হামলার শিকার হওয়ার পর সেখানে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করে এবং আগত ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে স্থানান্তর করে।

তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে দেশটির শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে হত্যা করার পর থেকে কুয়েতও বিভিন্ন ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করছে দেশটি।

অন্যদিকে তেহরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে।

ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিমানবন্দরের ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: